পরিশিষ্ট C. Red Hat Enterprise Linux ইনস্টলেশনটির সমস্যাসমাধান

এই পরিশিষ্টটিতে ইনস্টলেশন প্রক্রিয়া সংক্রান্ত কয়েকটি সাধারণ সমস্যা এবং সেগুলির সমাধান সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

C.1. Red Hat Enterprise Linux বুট করতে সক্ষম না হলে

C.1.1. আপনি কি RAID কার্ড সহ বুট করতে সক্ষম হচ্ছেন না?

আপনি যদি ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করে আপনার সিস্টেমটি সঠিকভাবে বুট করতে সক্ষম না হয়ে থাকেন, তাহলে সম্ভবত ইনস্টলেশন প্রক্রিয়া পুনরায় আরম্ভ করে, আপনাকে পার্টিশনগুলি পৃথকরূপে নির্মাণ করতে হতে পারে।

কয়েকটি BIOS, RAID কার্ডের মাধ্যমে বুট প্রক্রিয়া সমর্থন করে না। ইনস্টলেশনের শেষে, শুধুমাত্র একটি টেক্সট-ভিত্তিক বুট-লোডার প্রম্পট (উদাহরণস্বরূপ, GRUB:) এবং একটি ঝলমলানি কার্সার প্রদর্শিত হওয়া সম্ভব। এই পরিস্থিতিতে আপনাকে আপনার সিস্টেম পুনরায় পার্টিশন করতে হতে পারে।

স্বয়ংক্রিয় অথবা নিজ হাতে করা পার্টিশন-উভয়ক্ষেত্রেই, /boot পার্টিশনটি RAID অ্যারের বাইরে ইনস্টল করা আবশ্যক, যেমন একটি পৃথক হার্ড-ড্রাইভে। সমস্যাযুক্ত RAID কার্ডের ক্ষেত্রে, পার্টিশন নির্মাণের জন্য একটি অভ্যন্তরীণ হার্ড-ড্রাইভ ব্যবহার করা আবশ্যক।

আপনার পছন্দসই বুট লোডারটি (GRUB অথবা LILO), RAID অ্যারের বাইরে অবস্থিত কোনো হার্ড-ড্রাইভের MBR-এ ইনস্টল করা আবশ্যক। /boot/ পার্টিশনটি এই একই ড্রাইভে উপস্থিত থাকা প্রয়োজন।

এই পরিবর্তনগুলি করা শেষ হলে, ইনস্টলেশন প্রক্রিয়া সমাপ্ত হবে এবং আপনি সঠিকভাবে আপনার সিস্টেম বুট করতে সক্ষম হবেন।

C.1.2. আপনার সিস্টেমে কি Signal 11 ত্রুটি প্রদর্শিত হচ্ছে?

একটি signal 11 error, সাধারণত যা সেগমেন্টেশন ফল্ট-রূপে পরিচিত, ঘটে যখন একটি প্রোগ্রাম কোনো বরাদ্দ না করা মেমরি অবস্থানকে ব্যবহার করার প্রচেষ্টা করে।

সিস্টেম bus-র মেমরিতে হার্ডওয়েরের কোনো ত্রুটি হলে ইনস্টলেশনের সময় একটি গুরুতর signal 11 সমস্যা উত্‍পন্ন হয়। এক্সেকিউটেবল অথবা সিস্টেম হার্ডওয়েরে উপস্থিত কোনো ত্রুটির দরুন মেমরিতে হার্ডওয়েরের সমস্যা হওয়া সম্ভব। অন্যান্য অপারেটিং সিস্টেমের অনুরূপ, Red Hat Enterprise Linux-র হার্ডওয়ের সংক্রান্ত কিছু বিশেষ চাহিদা রয়েছে। সিস্টেমের কয়েকটি হার্ডওয়ের, অন্যান্য অপারেটিং সিস্টেমে সঠিকভাবে চলতে সক্ষম হলেও, এই চাহিদাগুলি পূরণ করতে সক্ষম নাও হতে পারে।

আপনার কাছে Red Hat -র সর্বশেষ উপলব্ধ ইনস্টলেশন আপডেট এবং ইমেজ উপস্থিত আছে কিনা তা পরীক্ষা করুন। নতুন কোনো সংশোধিত সংস্করণ উপলব্ধ আছে কিনা তা অনলাইন লেখা ভূল-ভ্রান্তির বিবরণ (errata) পড়ে জেনে নিন। যদি নতুন ইমেজগুলি ব্যবহার করেও আপনি ব্যর্থ হন, তাহলে সম্ভবত আপনার হার্ডওয়েরের কোনো ত্রুটির কারণে সমস্যাটি ঘটেছে। সাধারণত এই ত্রুটিগুলি সিস্টেমের মেমরি অথবা CPU-ক্যাশেতে ঘটে থাকে। এর একটি সম্ভাব্য সমাধান হল BIOS -এ CPU-ক্যাশেটি বন্ধ করে দেওয়া। সমস্যাটি মেমরি অথবা মাদারবোর্ডের কোনো স্লট থেকে উত্‍পন্ন হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য আপনি, মেমরিটিকে মাদারবোর্ডের বিভিন্ন স্লটে যুক্ত করে দেখতে পারেন।

আপনি শুধুমাত্র ২৫৬ মেগাবাইট মেমরি ব্যবহার করে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহ করার চেষ্টা করতে পারেন। ইনস্টলেশন প্রোগ্রামকে mem=256M বুট অপশনসহ বুট করে এই প্রক্রিয়াটি আরম্ভ করুন। এই অপশনটি পরীক্ষা করার জন্য ইনস্টলেশন বুট প্রম্পটে টাইপ করুন:

mem=xxxM

xxx -র পরিবর্তে মেগাবইটে চিহ্নিত উপস্থিত মেমরির পরিমাণ লিখুন।

বর্তমান মেশিনে, কার্ণেলের দ্বারা সনাক্ত করা মেমরির পরিমাণ, এই কমান্ডের সাহায্যে বাতিল করা সম্ভব । কয়েকটি পুরোনো সিস্টেমের ক্ষেত্রে, যখন ইনস্টলেশন প্রোগ্রাম শুধুমাত্র ১৬ মেগাবাইট মেমরি সনাক্ত করে (কিন্তু প্রকৃতপক্ষে এর অধিক পরিমাপ RAM সিস্টেমে উপস্থিত রয়েছে) এই কমান্ডটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কয়েকটি নতুন মেশিনে উপস্থিত ভিডিও-কার্ড প্রাথমিক মেমরির সাথে ভিডিও মেমরি ভাগ করে নেয় এবং এইগুলিতেও এই পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন হতে পারে।

অন্যথা, ইনস্টলেশন CD-ROMগুলির পরীক্ষণ করুন। Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামটি, ইনস্টলেশন মিডিয়ার অখণ্ডতা পরীক্ষা করতে সক্ষম। এটি CD, DVD, হার্ড-ড্রাইভ ISO এবং NFS ISO ইনস্টলেশন প্রক্রিয়ার সাথে চালানো যাবে। Red Hat আপনাকে ইনস্টলেশন আরম্ভ করার এবং ইনস্টলেশন সংক্রান্ত কোনো বাগের (অধিকাংশ বাগ সঠিকভাবে CD বার্ণ না করার দরুন উত্‍‌পন্ন হয়) বিষয়ে সূচিত করার পূর্বে ইনস্টলেশন মিডিয়া পরীক্ষা করার বিশেষ পরামর্শ দিচ্ছে। এই পরীক্ষাটি আরম্ভ করার জন্য boot: প্রম্পটে নিম্নোক্ত কমান্ডটি (Itanium সিস্টেমের জন্য, প্রারম্ভে elilo লেখা প্রয়োজন) নির্বাহ করুন:

linux mediacheck

signal 11 ত্রুটি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য, নিম্নলিখিত url-টি দেখুন:

http://www.bitwizard.nl/sig11/